বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
ছবি : সংগৃহীত
কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে দায়িত্ব পালন করছে বাহিনীটি।
রোববার (১২ জুলাই) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন। তারা উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা প্রদান, যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানায়, দুর্যোগ মোকাবিলায় এসব জেলার ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
এদিকে, বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে পড়ে থাকা গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা সচল করতে কাজ করেছে বিজিবি। একই সঙ্গে নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিতে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত রেখেছে বাহিনীটি।
