অর্ধেক নামলো সরকারি গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
ছবি: সংগৃহীত
সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণের গাড়ি কেনার সুবিধা স্থগিতের ধারাবাহিকতায়, এবার সেই গাড়িগুলোর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত মাসিক ব্যয় ৫০ শতাংশ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৯ জুলাই অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে।
সুদমুক্ত ঋণ নিয়ে যেসব সরকারি কর্মকর্তা গাড়ি কিনেছেন, তারা বর্তমানে গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ মাসে ৫০ হাজার টাকা করে পাচ্ছেন। এই খরচ ২৫ হাজার টাকায় নামিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিতে সম্প্রতি জনপ্রশাসন সচিবকে চিঠি দিয়েছে অর্থ বিভাগ।
সরকারের উপসচিব থেকে শুরু করে ওপরের স্তরের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকার সুদমুক্ত ঋণ সুবিধা আপাতত স্থগিত করে গত ৯ জুলাই পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা সুদমুক্ত ঋণ গ্রহণের পর গাড়ি সেবা নগদায়নের আওতায় মোটর রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ আর্থিক সুবিধা পান তা কিছুটা কমানোর সুযোগ রয়েছে। মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় মাসে ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার হারে নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ অবস্থায় রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ করা হয়।
অর্থ বিভাগের অন্য চিঠিতে বলা হয়েছে, দেশে ও বিদেশে পোস্ট–গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নের ক্ষেত্রে পূর্ণ স্কলারশিপ বা ফেলোশিপ পাওয়া কর্মকর্তারা পড়াশোনা, আবাসন ও জীবনযাত্রার ব্যয়ভার নির্বাহের জন্য আর্থিক সহায়তা পান। প্রেষণের ফলে স্কলারশিপের পাশাপাশি পূর্ণ বেতন–ভাতার সুবিধা পেয়ে থাকেন। এ ক্ষেত্রে প্রেষণ বা পূর্ণ বেতন–ভাতার পরিবর্তে শিক্ষা ছুটি দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়েও প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার বিষয়টি চিঠিতে জানানো হয়েছে।
