‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি : সংগৃহীত
এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সূহি (ইবান) বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।
মাইলস্টোন কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে তুরাগ থানায় জিডিটি করেন। ডায়েরি নম্বর- ৯০৫।
জিডিতে উল্লেখ করা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সূহি মাইলস্টোন কলেজের (কলেজ কোড- ৮০৭৪) ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তাকে আগেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে বর্তমানে কলেজটির সঙ্গে তার কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারেরও কোনো আইনগত অধিকার তার নেই।
আরো পড়ুন: জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির
অভিযোগে আরো বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই তরুণীকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী এবং উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। যদিও তিনি বর্তমানে কলেজটির শিক্ষার্থী নন, তবুও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এ পরিস্থিতিতে কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেন।
তুরাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, জিডিটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম রানাকে।
