মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন যে নতুন ২ মুখ, কাল প্রজ্ঞাপন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও দুই নতুন সদস্য যুক্ত হওয়ার আলোচনা চলছে। এ ধাপে বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম চূড়ান্ত হয়েছে বলে সরকারি উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে।
সূত্রের বরাতে জানা গেছে, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) অথবা নতুন রাষ্ট্রপতির শপথের আগে প্রজ্ঞাপন জারি হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, নতুন দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির কাছে শপথ নিতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় শপথ নেওয়া অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। এরপর থেকে মন্ত্রণালয়টিতে নতুন মন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। কয়েক দিন ধরে তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন: নিরাময়কেন্দ্রের আড়ালে হারুনের বন্দিশালা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
তবে মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাচিং প্রু জেরী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।
বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা ৫০ জন। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। পাশাপাশি মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।
নতুন দুই সদস্য মন্ত্রিসভায় যুক্ত হলে সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়বে।
এদিকে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলটির রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচন ও সম্ভাব্য শপথ অনুষ্ঠানকে সামনে রেখে বঙ্গভবনেও প্রস্তুতি চলছে। তবে নতুন রাষ্ট্রপতির শপথের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সরকারি সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের পর শপথের তারিখ নির্ধারণ করা হবে।
