বিএনপি ছাড়া যে এমপিদের ভোট পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
মির্জা ফখরুলের পাওয়া ২৫৫ ভোট তার নিজ দল বিএনপির সংসদ সদস্যদের ভোটের চেয়ে ১১টি বেশি। বিএনপির ২০৮ জন নির্বাচিত সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ৩৬ জনসহ দলটির নিজস্ব ভোট ছিল ২৪৪টি।
এর বাইরে জোটসঙ্গীদের তিনটি, স্বতন্ত্র সংসদ সদস্যদের সাতটি এবং ইসলামী আন্দোলনের একজন সংসদ সদস্যের ভোট পেয়েছেন মির্জা ফখরুল। এভাবে তার মোট ভোট দাঁড়ায় ২৫৫টিতে।
আরও পড়ুন: মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
বৃহস্পতিবার জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোট শেষে সংসদ সদস্যদের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়। নির্ধারিত নিয়মে ভোট গণনা শেষে বিকেল ৫টা ১৮ মিনিটে ফল ঘোষণা করেন সিইসি। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল নিজে ভোট দিতে পেরেছেন। তবে সংসদ সদস্য না হওয়ায় তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ ভোট দিতে পারেননি।
এ নির্বাচনে ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। তাদের মধ্যে বিএনপির মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি। এছাড়া ওসমান ফারুক, মোস্তফা কামাল পাশা, জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিশের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোটদানে অনুপস্থিত ছিলেন।
ফল ঘোষণার পর জাতীয় সংসদে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান সংসদ সদস্যরা। আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
