যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন পার্থ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যার পর মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। নতুন করে চারজন মন্ত্রিসভায় যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই নতুন চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি হওয়ার কারণে মির্জা ফখরুল যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়েছেন, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান পেতে পারেন।
এ ছাড়া মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। আলোচনার ভিত্তিতে সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।
অন্যদিকে, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার আলোচনা রয়েছে। একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করা হতে পারে। বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মঈন খান
আন্দালিব রহমান পার্থের মন্ত্রী হওয়ার বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ জানান, পার্থ মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।
ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার বিষয়ে মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, বিষয়টি নিয়ে তারাও বিস্তারিত জানার চেষ্টা করছেন। শেষ মুহূর্তের আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি।
অন্যদিকে সাচিং প্রু জেরী জানান, তাকে ফোন করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তারা মন্ত্রিসভার সদস্য নন।
