মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৬ এমপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়।
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এর আগে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নতুন চার মন্ত্রী হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
ড. আবদুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে আগে থেকেই আলোচনা ছিল।
আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী জেলা বিএনপির আহ্বায়ক। তিনিও নতুন মন্ত্রিসভায় যুক্ত হলেন।
আরও পড়ুন: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। তাকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তাকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে।
নতুন ছয়জনের শপথের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় সদস্যসংখ্যা আরও বাড়ল।
