লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথ পড়ান।
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। এদিন হুমায়ুন কবির ছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
যুক্তরাজ্যে বেড়ে ওঠা
হুমায়ুন কবিরের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে। শৈশবেই তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নীতিনির্ধারণে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক ডিগ্রি অর্জন করেন হুমায়ুন কবির। পরে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই), ইউনিভার্সিটি অব কেমব্রিজ এবং লিডস ল স্কুল থেকে তিনটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
ব্রিটিশ সরকারের বিভিন্ন দায়িত্বে
কর্মজীবনের শুরুতে লন্ডনের মেয়রের কার্যালয়ে কৌশল সহকারী হিসেবে কাজ করেন হুমায়ুন কবির। পরে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের একটি টিমে কাজ করার পাশাপাশি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অধীনে যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ে একাধিক কেবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএনপির আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের নভেম্বরে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন হুমায়ুন কবির। এর আগে লন্ডনে অবস্থান করে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ ও বিভিন্ন কূটনৈতিক যোগাযোগে ভূমিকা রাখেন।
২০২৫ সালের ২২ অক্টোবর তাকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) পদে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।
এবার সেই দায়িত্বের ধারাবাহিকতায় সরাসরি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন হুমায়ুন কবির।
