মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথমবারের মতো রদবদলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা জহির উদ্দিন স্বপনের পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। পদত্যাগের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: পরিধি বেশি, গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী
অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
মন্ত্রিসভায় প্রথম বড় রদবদল
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম বড় রদবদলের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শপথের পর তাদের মধ্যে নতুন করে দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়।
এর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিএনপির জোটসঙ্গী পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য।
একই রদবদনে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পে স্কেলে সুপারিশকৃত বেতন বহাল রেখে প্রজ্ঞাপন জারির দাবি
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়ায় পদটি শূন্য হয়েছিল।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। তাদের শপথের পরপরই মন্ত্রিসভায় প্রথম বড় রদবদলের অংশ হিসেবে নতুন করে দপ্তর বণ্টনের প্রক্রিয়া শুরু হয়।
