জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে দেশের বাইরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর অনুপস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরকে মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদ্বয়ের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরে হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ সময় বিদেশে অবস্থানের কারণে মন্ত্রণালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সে জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান ড. খলিলুর রহমান। গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন তিনি।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময়ে নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় অবস্থান করতে হবে তাকে।
বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে দায়িত্ব পালন করেছিল। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পাওয়া বাংলাদেশের জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হয়।
উল্লেখ্য, ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় রদবদলের সময় হুমায়ুন কবিরকে টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। একই সময়ে শামা ওবায়েদ ইসলামও দায়িত্বে বহাল থাকেন।
এরপর ২৩ আগস্টের পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।
প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনিবাসী বাংলাদেশি সংক্রান্ত বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য বিষয়ে সহায়তা করবেন। নতুন পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী বিদেশে অবস্থানকালে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম, জরুরি সিদ্ধান্ত এবং প্রশাসনিক বিষয়েও তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন, বৈশ্বিক স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়গুলো দেখবেন।
