×

জাতীয়

পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, আসতে পারে যেসব সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

পে-স্কেল উঠছে মন্ত্রিসভায়, আসতে পারে যেসব সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

এর আগে সোমবার সকালে নবম পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান, সরকারের ওপর সম্ভাব্য আর্থিক চাপ এবং বাজেটে এর প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত কত অর্থের প্রয়োজন হতে পারে এবং এর ফলে দেশের বাজেট ও সামগ্রিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।

এর আগে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল।

আরও পড়ুন: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় পে-স্কেল, বাস্তবায়ন যেভাবে

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন। তবে নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য করার পরিকল্পনা রয়েছে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বেতন পুনর্নির্ধারণ করে বকেয়া অর্থ পরবর্তী সময়ে সমন্বয় করা হতে পারে।

অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, পে-স্কেলের মূল বিষয়গুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি প্রয়োজন অনুযায়ী আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং প্রক্রিয়া শেষ হলে প্রজ্ঞাপন জারির পথ উন্মুক্ত হবে।

সচিব কমিটির চূড়ান্ত প্রতিবেদনে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অর্থাৎ নবম জাতীয় বেতন কমিশনের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন না করে সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে।

নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও এ সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে।

অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত দুই দিনে নবম পে-স্কেল নিয়ে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। এসব বৈঠকের মাধ্যমে প্রস্তাবটি চূড়ান্ত করা হয়েছে। এখন এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সোমবারের মন্ত্রিসভার বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে কর অব্যাহতি

পে-স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ

পে-স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ

রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৭ দোকানের সব

রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৭ দোকানের সব

দিন-রাত লোডশেডিং, অতিষ্ঠ গোমস্তাপুর

দিন-রাত লোডশেডিং, অতিষ্ঠ গোমস্তাপুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App