মেধাবী স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ: শিক্ষামন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
ছবি : সংগৃহীত
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা বাজেট থেকে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফল দেখতে আনন্দ লাগে। তবে যারা কাঙ্ক্ষিত ফল করতে পারেনি, তাদের নিয়েও কাজ করতে হবে। আগামী শনিবার কচুয়ার পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সঙ্গে বসার কথাও জানান তিনি।
স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা জনসেবা, নেতৃত্ব, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করার মানসিকতা অর্জন করে। এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়েই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে ওঠে।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই
তিনি আরও বলেন, বর্তমানে যারা সচিব হিসেবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তারাও একসময় শিক্ষার্থী ছিলেন। মেধা ও যোগ্যতার মাধ্যমে তারা দেশসেবায় নিজেদের নিয়োজিত করেছেন। আজকের শিক্ষার্থীরাও ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্কাউট কার্যক্রমের জন্য বাজেট বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এইমাত্র আমাকে স্লিপ দেওয়া হলো যে, স্কাউটের জন্য বাজেট বাড়ানোর জন্য ৫ কোটি টাকা দেওয়া হবে।’
শিক্ষাব্যবস্থায় খেলাধুলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, মাদকাসক্তি ও নৈতিকতাবিবর্জিত পরিবেশ থেকে সমাজকে বের করে আনতে হবে। এ লক্ষ্যেই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: নেপালের দুর্যোগে বাংলাদেশের সহায়তা ঘোষণা
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতায় উৎসাহিত করছেন। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে। কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস কালচার, ‘লার্নিং হ্যাপিনেস’ এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্কাউটের জন্য আলাদা স্কিম নেওয়া হয়েছে এবং বিএনসিসির জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সম্মান করতে হবে। জাতি গঠনের জন্য শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং আদর্শকে সমুন্নত রাখা জরুরি। আগামী দিনের বাংলাদেশ আজকের শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ভালো ফল করা শিক্ষার্থীদের পুরস্কৃত ও সম্মানিত করা হবে। আগামী প্রজন্মকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।
বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে প্রতিবছর মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা দেওয়া হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী স্কাউটদের এ অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয়। এবারও মেধাবী শিক্ষার্থীদের একটি মেডেল, অভিনন্দনপত্র ও নির্ধারিত যাতায়াত ভাড়া দেওয়ার পাশাপাশি প্রত্যেককে অনলাইনের মাধ্যমে ২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা
এর ধারাবাহিকতায় বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপ প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
