×

জাতীয়

‘মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই: রাষ্ট্রদূত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

‘মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই: রাষ্ট্রদূত

ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন জালিল রহিমি জাহানাবাদি বলেছেন, সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো বিরোধ বা চ্যালেঞ্জ নেই। তুরস্ক ও পাকিস্তানও ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের ঘনিষ্ঠ বন্ধু। একইভাবে সৌদি আরবের সঙ্গেও তেহরানের ভালো সম্পর্ক রয়েছে। ফলে ‘মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই।

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইরানের রাষ্ট্রদূত।

সাম্প্রতিক ইরান-আমেরিকা সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ে ইরান শুধু আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। কোনো আরব দেশের ভূখণ্ডে ইরান হামলা করেনি।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে যেসব কলেজে নিষেধাজ্ঞা

বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বলে তারা জানেন। তাই বাংলাদেশের কোনো সিদ্ধান্ত ইরানকে উদ্বিগ্ন করে না।

তিনি বলেন, ইরান ‘মক্কা চুক্তি’কে নিজেদের বিরুদ্ধে কোনো চুক্তি হিসেবে দেখছে না। বরং তেহরানের দৃষ্টিতে, এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার একটি ইঙ্গিত।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন মক্কা চুক্তি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষায় গঠিত হচ্ছে। এতে যোগ দেওয়া ইসলামিক দেশগুলো কি পরোক্ষভাবে তাদের স্বার্থই পূরণ করছে না?

জবাবে জালিল রহিমি বলেন, বিষয়টি এমন নয়। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নিজেদের এবং মিত্রদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে থাকার সময়েই মক্কা চুক্তি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেধাবী স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ: শিক্ষামন্ত্রী

তিনি বলেন, অতীতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের বার্তা ছিল- তাদের সামরিক ঘাঁটি স্থাপনের জন্য জায়গা দিতে হবে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে হবে; বিনিময়ে তারা নিরাপত্তা দেবে।

রাষ্ট্রদূত আরও বলেন, একই যুক্তিতে আমেরিকা ইরানে হামলা চালিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ইরানের রাজনৈতিক ব্যবস্থা ও সরকার পরিবর্তন, দেশটির ইউরেনিয়াম দখল, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং বিশ্বে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করা।

তিনি বলেন, বাস্তবে ইরানের রাজনৈতিক ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামও এখনো তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। এমনকি গত রাতেও ইরানের ক্ষেপণাস্ত্র জর্ডান, বাহরাইন, কুয়েত ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত করেছে বলে দাবি করেন তিনি।

ইরানের রাষ্ট্রদূতের ভাষ্য, আমেরিকা প্রণালী বা সমুদ্রপথ উন্মুক্ত রাখার পেছনে কোটি কোটি ডলার ব্যয় করেছে। তার মতে, মক্কা চুক্তি যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয়েরই একটি পরিপূরক অংশ। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এখন বুঝতে পারছে, শুধু মার্কিন অস্ত্রের মজুত তাদের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এ কারণে ইরান মক্কা চুক্তিকে নিজেদের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখছে না এবং এটি নিয়ে তারা উদ্বিগ্নও নয়।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার জন্য কোনো প্রস্তাব দিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ইরান নিজ থেকে সদস্য হওয়ার কোনো প্রস্তাব দেয়নি। তবে চুক্তির সদস্য দেশগুলো যদি ইরানকে যুক্ত হওয়ার আহ্বান জানায় বা প্রস্তাব দেয়, তাহলে তেহরান তা বিবেচনা করবে।

প্রায় ১০ বছর আগে ইরান মক্কা চুক্তির মতোই কিছু প্রস্তাব দিয়েছিল বলেও জানান জালিল রহিমি। এর মধ্যে একটি ছিল ‘পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য’ প্রতিষ্ঠা, যাতে মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছেই পারমাণবিক অস্ত্র না থাকে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব সমর্থন করেনি বলে দাবি করেন তিনি।

তার দ্বিতীয় প্রস্তাব ছিল মধ্যপ্রাচ্যের সব ইসলামিক দেশের মধ্যে একটি ‘যৌথ প্রতিরক্ষা চুক্তি’ করা। কিন্তু সে সময় আরব দেশগুলো প্রস্তাবটি সমর্থন করেনি। কারণ তারা মনে করেছিল, নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তাই যথেষ্ট।

রাষ্ট্রদূত বলেন, এখন বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও জর্ডানের মতো আরব দেশগুলোর কাছে প্রশ্ন হলো- যুক্তরাষ্ট্র কি তাদের প্রত্যাশিত নিরাপত্তা দিতে পেরেছে?

তিনি আরও প্রশ্ন রাখেন, এসব দেশের আকাশসীমা অতিক্রম করে ইরানের যেসব ক্ষেপণাস্ত্র তেল আবিবের দিকে গেছে, সেগুলো কি যুক্তরাষ্ট্র ঠেকাতে পেরেছে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে সচিব পদে রদবদল

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে সচিব পদে রদবদল

১৮ বছরে সুযোগ পেয়েও লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী

১৮ বছরে সুযোগ পেয়েও লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী

এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা

এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেল দুদক

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেল দুদক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App