কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পিএম
ছবি: সংগৃহীত
কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ছয় তলায় উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ বলে জানিয়েছেন তাঁর দপ্তরের কর্মকর্তারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সচিবালয়ে অবস্থিত কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তর থেকে বের হয়ে হেঁটে ৪ নম্বর ভবনে যান। এরপর লিফট প্রস্তুত থাকা সত্ত্বেও তিনি সিঁড়ি দিয়ে হেঁটে ভবনটির ছয় তলায় ওঠেন।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তর থেকে বেরিয়ে ৪ নম্বর ভবনে হেঁটে যান এবং সেখানে সিঁড়ি দিয়ে হেঁটে ছয় তলায় ওঠেন। লিফট প্রস্তুত থাকলেও তিনি সিঁড়ি দিয়ে ওঠেন।’
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী আমির উর রশীদও ছিলেন।
পরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: ‘খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করে প্রধানমন্ত্রীর ছয় তলায় ওঠার বিষয়টি বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। বর্তমানে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট রয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সরকারি দপ্তরগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়ে আসছেন।
ওই কর্মকর্তা জানান, সরকারি অফিসগুলোতে বিদ্যুতের অপচয় কমাতে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনাও দিয়েছেন। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবহার সীমিত রাখা, তাপমাত্রা ২৫ ডিগ্রির মধ্যে রাখার পাশাপাশি দিনের বেলায় জানালা খুলে প্রাকৃতিক আলো ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কর্মকাণ্ডেও বিদ্যুৎ সাশ্রয়ের এমন বার্তা পাওয়া যাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। তাঁর ভাষ্য, এর আগে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করলেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘একইভাবে দেখা গেছে, প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেঁটে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন। এ থেকে বোঝা যায়, মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাশ্রয়ী হতে বার্তা দিচ্ছেন।’
সরকারি দপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ওপর যখন গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন প্রধানমন্ত্রীর নিজের দৈনন্দিন কর্মকাণ্ডেও এর প্রতিফলন ঘটছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
