‘সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ। ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে মেয়ে মরিয়ম খাতুনকে সম্পর্কে জড়ানোর জন্য শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করেছেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
মরিয়ম খাতুনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলায় পরিবারের স্বজনেরা হাসপাতালে অপেক্ষা করছিলেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ ও তার দাদি।
মরিয়মের বাবা মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, "আজকের এই মর্মান্তিক পরিস্থিতির জন্য আমার শ্যালক ওবায়দুরই সম্পূর্ণ দায়ী। সেই আমার মেয়েকে এই ধ্বংসের পথে নিয়ে এসেছে।" টাকার লোভে মরিয়মকে এই সম্পর্কে জড়ানো হয়েছিল এবং পরবর্তী সময়ে তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে বলেও তিনি দাবি করেন। মেয়ের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "আমার মেয়ে কখনই কোনো বিষয়ে আমার কাছে অভিযোগ করেনি।"
আরও পড়ুন: গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে
প্রসঙ্গত, দুই স্ত্রীকে নিয়ে ন্যাম ভবনে বসবাস করছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। গত রোববার সন্ধ্যায় ভবনটির ৫ নম্বর বিল্ডিংয়ের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। মৃত্যুর সময় ফ্ল্যাটে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম উপস্থিত ছিলেন।
ঘটনার পর পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ সময় মরিয়ম খাতুনের হাতে লেখা বেশ কয়েকটি আবেগঘন চিঠিও উদ্ধার করে পুলিশ।
এর আগে, গত ২০ জুলাই গাজী নজরুল ইসলাম ও মরিয়ম খাতুনের অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ওই ঘটনার পর গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।
