শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য, ওসি গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে নেয়া হবে বলে জানা গেছে।
এর আগে, অডিও ভাইরালের পর গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
আরো পড়ুন: অবৈধ যৌন ওষুধ তৈরি, কারাগারে এনসিপি নেতা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিওতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয় নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায় বলে দাবি করা হয়েছে।
তবে অডিওটি ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক পোস্টে এর সত্যতা অস্বীকার করেন সাবেক ওসি রাকিবুল হাসান। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।
