সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলায় শাহরিয়ারকে ১ নম্বর আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলার পর সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে তিনি ঘটনার বিষয়ে বিভিন্ন অভিযোগ করেন এবং চাঁদাবাজির অভিযোগও তোলেন। তবে পুলিশ জানিয়েছে, সালমান মুক্তাদিরকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সময় সালমানের স্টুডিও ছাড়াও নিউ গিনি প্রপার্টিজের অফিস ও আশপাশের কয়েকটি স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে তিনজনকে আটক করা হয়েছিল।
এদিকে, হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেপ্তারের পাশাপাশি আরও কয়েকজনকে গ্রেপ্তারের তথ্যও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে।
