গোপন বৈঠক থেকে আটক আ.লীগের ২৭৮ নেতাকর্মী, ছাড়া হলো ২৪৯ জনকেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক থেকে অভিযান চালিয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২৭৮ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে যাচাই-বাছাই শেষে ২৪৯ জনকেই ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে বাকি ২৯ জনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া।
তিনি বলেন, ‘জাসদের নেতাদের কাছ থেকে কাগজপত্র ও নেতা-কর্মীদের তালিকা নেওয়া হয়েছে। এর মধ্যে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যাচাই-বাছাই শেষে পরিচয় শনাক্ত হওয়ায় ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।’
পুলিশের হেফাজতে থাকা ২৯ জনের বিষয়ে তিনি বলেন, ‘তাদেরও পরিচয় যাচাই-বাছাই চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেখান থেকে তাদের সেইভ করেছি নিরাপদে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া হেফাজতে নিতে পেরেছিলাম। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’
আরো পড়ুন: ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২১৫৮
পুলিশের কাছ থেকে তাদের এই প্রোগ্রামের কোনো অনুমতি নেওয়া ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা আমাদের কাছে আবেদন করেছিল। কিন্তু তাদের সেখানে মিটিং করার জন্য অনুমতি দেওয়া হয়নি।’
একটি পক্ষ ওই জাসদ কার্যালয় দখলের চেষ্টা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই কার্যালয়ের দখলের কোনো সুযোগ নেই, কার্যালয়টি এখন আমাদের হেফাজতে রয়েছে।’
এর আগে, শনিবার দুপুরের পর পুলিশ জানিয়েছিল, জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
শনিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের কাছে একটি তথ্য ছিল, জাসদ এবং তাদের সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিলেন।’
সাংবাদিকদের তিনি ২৮০ থেকে ৩০০ জনের আটকের কথা জানিয়েছিলেন।
