টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (৫ অক্টোবর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মোট সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
রোববার (৪ অক্টোবর) নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে সোমবার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৭টা থেকে সাড়ে ১০টা
এই সময়ে নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চন্ডিপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা
এই সময়ে ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম এলাকা, লক্ষ্মীপুর বাগানপাড়া, চন্ডিপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলিতে বিদ্যুৎ থাকবে না।
নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
