×

জাতীয়

নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম

নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

ছবি : সংগৃহীত

সারা দেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করাই বৈঠকের অন্যতম প্রধান বিষয় ছিল। পানি জীবনধারণের জন্য অপরিহার্য হলেও দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই সবার কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার।

তিনি বলেন, দেশের নদ-নদীতে একসময় প্রচুর পানি থাকলেও অনেক নদী এখন শুকিয়ে যাচ্ছে। একই সঙ্গে উজানে পানি প্রত্যাহারের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এর প্রভাব পড়ছে। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে মরুকরণের প্রবণতা বাড়ছে এবং দক্ষিণাঞ্চলে দেখা দিচ্ছে পানীয় জলের সংকট।

ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের নদীগুলোর পানি কমে গেলে বঙ্গোপসাগরের লবণাক্ত পানি উজানের দিকে প্রবেশ করে। এতে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সুপেয় পানির সংকট আরও তীব্র হচ্ছে। কয়েক দশক ধরে এ সমস্যা মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলছে।

তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কাজে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি প্রকল্পের অর্থায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের ব্যয় সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিভিন্ন সংস্থাকে নিয়ে যে সমন্বিত প্রকল্পের আলোচনা হয়েছে, এর সম্ভাব্য ব্যয় প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা।

বৈঠকে ইউনিসেফের পাশাপাশি বিশ্বব্যাংক ও ওয়াটারএইডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এসব সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে প্রকল্পটির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা। এ লক্ষ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিদেশি সহায়তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় দাতা সংস্থার কাছ থেকে বিভিন্ন ধরনের সহায়তা পেয়ে আসছে। তবে অতীতে এসব সহায়তা যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হয়নি।

ভবিষ্যতে দুর্নীতি দূর করে জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সেবায় সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারা দেশে ভারি বর্ষণের আভাস

সারা দেশে ভারি বর্ষণের আভাস

হেফাজতকে পাশে পেতে বিএনপির তৎপরতা

হেফাজতকে পাশে পেতে বিএনপির তৎপরতা

স্বামী খুন, ছুরি হাতে স্ত্রী পলাতক

স্বামী খুন, ছুরি হাতে স্ত্রী পলাতক

পাকিস্তানের ফাঁদে ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের ফাঁদে ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App