অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
ফাইল ছবি
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি অক্টোবরের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এ রোগে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩০০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে।
নতুন করে মারা যাওয়া শিশুটি ছেলে। তার বয়স শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ২৯৫ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাঁদের মধ্যে নারী ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ১ শতাংশ।
মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে কেউ মারা যাননি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা যান।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
সেপ্টেম্বরে ডেঙ্গুতে প্রাণহানি আরও বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। চলতি অক্টোবরের প্রথম ৯ দিনেই মারা গেছেন ৫০ জন। এর মধ্যে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় গত ৬ অক্টোবর।
বিভাগ ও এলাকাভিত্তিক হিসাবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৩৫ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৭ জন মারা গেছেন। এ ছাড়া খুলনায় ৬০ জন, চট্টগ্রাম ও বরিশালে ২৫ জন করে, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ছয়জন এবং সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম ৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৩১ জন। এর আগের মাস সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন।
এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন, মে মাসে ৭১৪ জন, জুনে ২ হাজার ৯০৭ জন, জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৩৮০ জন।
