×

জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

ফাইল ছবি

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করার সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভুল’ বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, পাসপোর্ট চাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রকারান্তরে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথ আরও সহজ করে দিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ নজরুল। ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে দেওয়া পোস্টে তিনি লেখেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চাওয়ার অর্থ হলো, দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে বলে শেখ হাসিনা মনে করছেন। তবে তিনি একজন দণ্ডিত অপরাধী হওয়ায় নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার সুযোগ নেই।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।’

তিনি আরও লেখেন, পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এ কথা বলার সুযোগ তৈরি হয়েছে।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’

এদিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠান তার আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

অন্যদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা সম্পর্কে তিনি অবগত নন। বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ তার প্রত্যর্পণ চায়।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনার আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আবেদন করার আইনগত ভিত্তি এবং তার আবেদন করার অধিকার রয়েছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও শুনেছি, টেলিভিশন স্ক্রলে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’

তিনি আরও বলেন, আবেদনটির আইনগত ভিত্তি রয়েছে কি না, যথাযথভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে। পর্যালোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।

ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বলা যায়, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে তাকে আইন অনুযায়ী বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেশম দ্বীপে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল ইরান

কেশম দ্বীপে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল ইরান

শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা-আইনি ভিত্তি’ যাচাই করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা-আইনি ভিত্তি’ যাচাই করা হবে

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে যা বললেন আসিফ নজরুল

বিভিন্ন সরকারি কলেজে ৩৩৯ প্রভাষকের পদায়ন

বিভিন্ন সরকারি কলেজে ৩৩৯ প্রভাষকের পদায়ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App