×

জাতীয়

রূপপুরের বিদ্যুৎ প্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

রূপপুরের বিদ্যুৎ প্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে

ছবি: সংগৃহীত

দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন মাইলফলক যুক্ত হলো। প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার মধ্য দিয়ে কেন্দ্রটির পরীক্ষামূলক উৎপাদন ও সরবরাহ কার্যক্রমের নতুন ধাপ শুরু হলো।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। বিকাল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির উৎপাদন ছিল ৩৫০ মেগাওয়াট।

কোম্পানির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে ‘সিনক্রোনাইজড’ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ট্রায়াল রান শুরু হয়েছে।

গ্রিড সিনক্রোনাইজেশন হলো বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া। এর মাধ্যমে কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের সঙ্গে জাতীয় গ্রিডের ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সির সামঞ্জস্য পরীক্ষা করা হয়।

তবে পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার অর্থ বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। পরবর্তী ধাপে বিভিন্ন উৎপাদনক্ষমতায় কেন্দ্রটির যন্ত্রপাতি, নিরাপত্তাব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা পরীক্ষা করতে হবে।

এর আগে ১১ অক্টোবর রূপপুরের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। বিকাল ৩টা ৩৪ মিনিটে এ প্রক্রিয়া শুরু হয়েছিল।

পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার এ পর্যায়কে বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। এ পর্যায়ে চুল্লির ভেতরে পারমাণবিক জ্বালানি থেকে নিয়ন্ত্রিতভাবে তাপ উৎপন্ন হতে শুরু করে।

আরও পড়ুন: সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

ওই সময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান জানিয়েছিলেন, জাতীয় গ্রিডে সংযোগের পর বিভিন্ন উৎপাদনক্ষমতায় সাত থেকে আট মাস পর্যন্ত পরীক্ষামূলক কার্যক্রম চলতে পারে। তবে প্রতিটি পরীক্ষার ফলের ওপর পরবর্তী ধাপ নির্ভর করবে।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মাণ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট মিলিয়ে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। দুই দফায় মেয়াদ বাড়িয়ে তা ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

প্রথম ধাপে কেন্দ্রটি থেকে ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময়ে কেন্দ্রটির টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা এবং স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।

এরপর কারিগরি পরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

কমিশন জানিয়েছে, প্রতিটি ধাপে কেন্দ্রটির বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন ও জেনারেটরের কার্যক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় পরীক্ষা করা হবে।

এসব পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর আবার জাতীয় গ্রিডে যুক্ত করে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রূপপুরের বিদ্যুৎ প্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে

রূপপুরের বিদ্যুৎ প্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৩৭

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৫৩৭

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

আখাউড়া সীমান্ত অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App