×

জাতীয়

কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বললেন ওসি প্রদীপ ( ছবি ভাইরাল)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১২:১২ এএম

কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বললেন ওসি প্রদীপ ( ছবি ভাইরাল)

ওসি প্রদীপ। বামে লালবৃত্তের ভেতরে মোবাইল ফোনে কথায় ব্যস্ত তিনি। ছবি: সংগৃহীত

বহুল আলোচিত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ শুনানির সময় আইনের তোয়াক্কা না করে কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন।

গত সোমবার (২৩ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্য নেওয়ার সময় এ ঘটনা ঘটে। তখনকার একটি ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আদালত সূত্র জানায়, মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস তার ভাইকে হত্যার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন আদালতে। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন অভিযুক্ত ১৫ জন। তাদের মধ্যে প্রদীপ দুপুর ১২টার দিকে কাঠগড়ায় নিচু হয়ে বসে মোবাইল ফোনে কথা বলেন। তার অদূরেই দাঁড়িয়েছিলেন কক্সবাজার জেলা পুলিশের এক সদস্য। তিনি প্রদীপকে কথা বলতে বাধা দেননি।

আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপকে মোবাইল ফোনটি কে দিয়েছেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র বলছে, সেখানে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল তা সরবরাহ করেন।

আদালতের ভেতরের একটি ছবিতে দেখা যায়, কাঠগড়ার ভেতরে হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন প্রদীপ। এ সময় তার আশেপাশে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ মোবাইল ফোনে একের পর এক কল করে কথা বলেছেন।

সংশ্নিষ্টরা জানান, আদালতের আচরণবিধি অনুযায়ী, আদালত চলাকালে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল গত ২৭ জুন মামলার চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। গত ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। এ মামলায় ৮৩ জন সাক্ষী রয়েছেন।

২০২০ সালের ৩১ জুলাই কপবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। পরে তার বোন শারমিন বাদী হয়ে ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আদালত থেকে মামলাটির তদন্তভার দেওয়া হয় র‌্যাবকে। গত বছরের ডিসেম্বরে অভিযোগপত্র দাখিল করেন র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। এতে ১৫ জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে 'পরিকল্পিত ঘটনা' হিসেবে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App