শুধু ৬ জনের হত্যার তদন্ত নিয়ে কড়া মন্তব্য ফখরুলের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৪:৪১ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, শত শত নিরীহ শিক্ষার্থীদের হতাহতের পর বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধুমাত্র ছয়জনের হত্যাকাণ্ডের তদন্ত করবে, এটি সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার নামান্তর মাত্র।
বৃহস্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় পুরো ঘটনা ও হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানো হচ্ছে। 'সেই ধারাবাহিকতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে সানিয়াতকে গ্রেপ্তার করা হয়েছে।'
আরো পড়ুন: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার
তিনি আরো বলেন, এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গত রাত ১টায় বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি জড়িত না দাবি করে মির্জা ফখরুল বলেন, আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাওভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য দোষারোপ করছে।
যদি তাই হয়, তাহলে তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়নি কেন? এটাই জনগণের প্রশ্ন। এতে প্রমাণিত হয় যে, বিএনপি কিংবা বিরোধী দলের কেউই আন্দোলনের সঙ্গে জড়িত নয় বলেন মির্জা ফখরুল।
