আওয়ামী লীগ নিষিদ্ধে রিট করা হয়নি: সারজিস-হাসনাত
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০২:২২ পিএম
হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম
আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের বিষয়ে কোনো রিট করা হয়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা।
পোস্টে তারা লিখেন, দুইটি রিট করেছি। আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দিবে না সেই বিষয়ে প্রথম রিট। এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সব একটিভিটি থেকে বিরত রাখা হবে না সেই বিষয়ে দ্বিতীয় রিট৷
বিষয়টি ভালো করে পড়ে দেখার আহ্বান জানিয়ে তারা স্পষ্ট করে লিখেন, দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই। এর আগে সকালে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট করা হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।
এর আগে বাংলাদেশ ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে গত ২৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। গত ১৫ বছর দেশ শাসন করা আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি রয়েছে সরকার পতনের আন্দোলনে অংশ নেয়া কোনো কোনো পক্ষের। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাকে ‘নির্বিচারে হত্যার’ অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং ক্ষমতাচ্যুত দলটির ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত অগাস্ট মাসেও একটি রিট আবেদন করা হয়েছিল। ‘সারডা সোসাইটি’ নামের একটি মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুর ওই আবেদন করেছিলেন।
