‘হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো’
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম
আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে হাতকড়া পরানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে হাতকড়া পরানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। এ বিষয়ে তিনি বলেন, হাতকড়া পরানো নিয়ে তার কোনো আপত্তি নেই; বরং এটিকে তিনি নববধূর চুড়ির সঙ্গে তুলনা করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, “এ নিয়ে কোনো কথা বলার নেই। এটা সরকার বুঝবে। আমাদের হাতেও বহুবার হাতকড়া পড়েছে। আমরা এটাকে খারাপ কিছু মনে করি না। বিয়ের সময় মেয়ের হাতে যেমন চুড়ি পরানো হয়, হাতকড়াকেও আমরা তেমনই মনে করি।”
আরো পড়ুন: তারেক রহমানের সিগন্যাল ছাড়া এই হামলা অসম্ভব
তিনি দাবি করেন, “নিষ্পাপ একজন মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানাতেই আমি এসেছি। আদালতে প্রত্যেক অভিযুক্তের নিজের বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে। লতিফ সিদ্দিকীও কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। আমি মনে করি, সম্মানিত ব্যক্তিদের যথাযথ সম্মান দেওয়া উচিত।”
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, তার ভাইয়ের বয়স এখন ৮৭ বছর। “যদি এমন কোনো অপরাধের দায়ে, যা তিনি করেননি, তার ফাঁসি হয়, সেটিও আমরা মেনে নেব। কারণ তখন আল্লাহ তাকে মুক্তি দেবেন।”
আরো পড়ুন: আলিফের বাম চোখের আলো কোনো দিন ফিরবে না
শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনার পরিকল্পনাকারী হিসেবে লতিফ সিদ্দিকীকে আসামি করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, তাকে পরিকল্পনাকারী বলা ঠিক হবে না। তার ভাষ্য, সে সময় লতিফ সিদ্দিকী পাটমন্ত্রী ছিলেন এবং সরকারের নীতিনির্ধারণী ‘কিচেন ক্যাবিনেট’-এর সদস্যও ছিলেন না। এছাড়া ওই সময়ে তিনি আওয়ামী লীগ ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বিভিন্ন বিষয়ে বিতর্কিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
