মাহমুদা মিতু
আলিফের বাম চোখের আলো কোনো দিন ফিরবে না
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) বাঁ চোখের দৃষ্টিশক্তি আর ফিরে আসবে না বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, আলিফের চোখে অস্ত্রোপচার সম্পন্ন হলেও তার বাঁ চোখের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি।
পোস্টে মাহমুদা মিতু লেখেন, আলিফের অস্ত্রোপচার শেষ হয়েছে এবং তার বাঁ চোখের আলো আর ফিরবে না। তিনি এ ঘটনায় ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগও তোলেন।
এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, হামলায় আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাত লাগে এবং তার এক চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা ছিল। সেই অবস্থায় চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) তার অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও আঘাতপ্রাপ্ত চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন আলিফ চৌধুরী। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই দিন বিকেলে কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ও নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছে এনসিপি। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পরে সন্ধ্যায় শহরে এনসিপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলটির আরও কয়েকজন নেতা-কর্মী আহত হন।
