×

রাজনীতি

দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ছবি : সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণাকে সামনে রেখে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার (৩ আগস্ট) দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা নেতাকর্মীদের উদ্যোগে গঠিত দলটির সম্পাদক হিসেবে মুহাম্মদ উল্লাহ মধু এবং মুখপাত্র হিসেবে ইকবাল হোসেন (সাম্য শাহ)-এর নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে ৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিও প্রকাশ করা হয়। কমিটিতে ২১ জন সংগঠক ও ১৪ জন সদস্য রয়েছেন।

দলটির ঘোষণাপত্রে বলা হয়, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানকে তারা রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিক ভিত্তি হিসেবে বিবেচনা করে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংগঠনের নেতারা দাবি করেন, জুলাই-পরবর্তী সময়ে রাজনৈতিক পরিবর্তন নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ না হওয়ায় জনগণের একটি বড় অংশ হতাশ। সেই জনগোষ্ঠীর জন্য একটি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ উদ্যোগে দেশের সব দেশপ্রেমিক নাগরিককে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি তারুণ্য। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, দেশের রাজনৈতিক সংকট এখনো পুরোপুরি কাটেনি। পাশাপাশি রাজনীতিতে বিদেশি প্রভাবের আশঙ্কার কথাও উল্লেখ করে তিনি জাতীয় ঐক্যের ভিত্তিতে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিদ্বেষ ও গালাগালিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি তরুণদের বিভ্রান্ত করছে। তিনি নতুন দলের নেতাদের ইতিবাচক রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোহসিন রশিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অসুস্থতার জন্যেই কি চেহারা ভেঙেছে, যা জানালেন সালমান

অসুস্থতার জন্যেই কি চেহারা ভেঙেছে, যা জানালেন সালমান

‎পানির দাম বাড়ানোর প্রস্তাব ওয়াসার

‎পানির দাম বাড়ানোর প্রস্তাব ওয়াসার

‎‘যদি দুনিয়ায় না থাকি, আমার কবরের কাছে একটু যেয়ো’

‎‘যদি দুনিয়ায় না থাকি, আমার কবরের কাছে একটু যেয়ো’

সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App