দুদক
‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্তে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অর্থ রয়েছে তাঁদের নামে থাকা ১৫৬টি ব্যাংক হিসাবে। পাশাপাশি পূর্বাচলে ৬০ কাঠা জমি, বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি ফ্ল্যাট ও ২০৪ দশমিক ৪০ শতাংশ জমিসহ বিভিন্ন স্থাবর সম্পদ জব্দ করেছে সংস্থাটি। সব মিলিয়ে জব্দ করা স্থাবর সম্পদের দলিলমূল্য প্রায় ১৭ কোটি ১৪ লাখ টাকা।
এ ছাড়া শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
তিনি বলেন, চলমান মামলার অংশ হিসেবে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১৫৬টি ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।
জব্দ করা স্থাবর সম্পদের বিবরণ দিয়ে দুদক সচিব জানান, পূর্বাচলে ৬০ কাঠা জমি জব্দ করা হয়েছে। জমিটির দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া রাজধানীর বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪০ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এসব সম্পদের দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮২০ টাকা।
রেড নোটিশ অ্যালার্ট জারির উদ্যোগ
শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ অ্যালার্ট জারির বিষয়েও কথা বলেন দুদক সচিব।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো আসামি দেশের বাইরে অবস্থান করলে এবং দেশের আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা সম্ভব না হলে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া অনুসরণ করা হয়। আইনি প্রক্রিয়ায় তাঁদের দেশে ফিরিয়ে আনাই এর উদ্দেশ্য।
যুক্তরাজ্যের সংসদ সদস্য হওয়ায় টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে রেড নোটিশ কার্যকর করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান খান বলেন, দুদকের পক্ষ থেকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোল এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। রেড নোটিশ কার্যকর হতে কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।
জয়ের সম্পদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রে চিঠি
সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (এমএলএ) পাঠিয়েছে দুদক।
সংস্থাটির সচিব বলেন, তদন্তে যুক্তরাষ্ট্রে জয়ের উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য অনুরোধ পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে জবাব পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলার জন্য পৃথক তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কমিশন নিয়মিত তদন্তের অগ্রগতি পর্যালোচনা করছে। মামলার সংখ্যা বাড়ানোর চেয়ে তথ্য-প্রমাণ সংগ্রহের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আদালতে যথাযথ প্রমাণ উপস্থাপন এবং বিদেশে থাকা সম্পদ পুনরুদ্ধারেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।
২৪ মামলার ৭টির অভিযোগপত্র
দুদক সচিব জানান, শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করেছে দুদক। এর মধ্যে ১৭টি মামলা তদন্তাধীন রয়েছে। বাকি সাতটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত ছয়টি মামলার রায়ও হয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ছাড়া হত্যা ও অন্যান্য অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে ট্রাইব্যুনাল এবং দেশের বিভিন্ন আদালতে আরও মামলা বিচারাধীন রয়েছে।
