×

খুলনা

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

ব্যাহত শিক্ষা কার্যক্রম

Icon

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

ছবি: ভোরের কাগজ

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ৪৮০ জন শিক্ষার্থীর পাঠদানের দায়িত্ব পালন করছেন মাত্র পাঁচজন শিক্ষক। অথচ বিদ্যালয়টিতে শিক্ষক-শিক্ষিকার অনুমোদিত পদ রয়েছে ১৮টি। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক শিক্ষকের পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, বালিকাদের জন্য প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে কর্মরত কোনো নারী শিক্ষক নেই।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪৮০ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় নিয়মিত পাঠদান চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ মোট ১২টি শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। পাশাপাশি দুটি অফিস সহকারীর পদ এবং চতুর্থ শ্রেণির কর্মচারীর পাঁচটি পদও শূন্য পড়ে আছে।

বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সিনিয়র সহকারী শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম। প্রশাসনিক কার্যক্রম সামলানো এবং দাপ্তরিক বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি তাঁকে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনাও দেখতে হচ্ছে। ফলে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদানের পর্যাপ্ত সময় পাচ্ছেন না তিনি। অন্যদিকে কর্মরত ছয় শিক্ষকের মধ্যে দুজন ইসলাম ধর্মের, একজন ভূগোল, একজন কৃষি এবং একজন ইংরেজি,একজন হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক। এসব শিক্ষক দিয়েই চলছে পুরো বিদ্যালয়ের পাঠদান।

১৯৮৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বিদ্যালয়টিকে সরকারিকরণ করেন। সরকারিকরণের আগে স্থানীয় শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সুনাম ও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষকরা অবসরে যাওয়ায় সেই শিক্ষা কার্যক্রম ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম জানান, ২০১৯ সাল থেকে পর্যায়ক্রমে স্থানীয় ৮ থেকে ১০ জন শিক্ষক অবসরে যাওয়ার পর সংকটের সূত্রপাত হয়। পরবর্তীতে নতুন শিক্ষক নিয়োগ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ২০২৪ সাল থেকে মাত্র ছয়জন শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালিত হচ্ছে। একজন শিক্ষককে প্রতিদিন সাতটি পর্যন্ত ক্লাস নিতে হচ্ছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে দুটি করে বিভাগ থাকলেও শিক্ষক স্বল্পতার কারণে অনেক সময় দুটি বিভাগের শিক্ষার্থীদের একসঙ্গে পাঠদান করাতে হচ্ছে।

তিনি আরও জানান, গণিত, ব্যবসায় শিক্ষা ও ভৌত বিজ্ঞানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও এখনো প্রত্যাশিত শিক্ষক পাওয়া যায়নি। নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে এ সংকট কাটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক এইচ এম শহিদুল ইসলাম বলেন, তাঁর তিন মেয়ে এ বিদ্যালয়ে পড়াশোনা করে। শিক্ষক না থাকায় তাদের লেখাপড়ায় মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পাঠদান নিয়মিত না হওয়ায় শিক্ষার্থীদের ফলাফল নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত শিক্ষক নিয়োগ না দিলে আসন্ন এসএসসি পরীক্ষায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। উপকূলীয় উপজেলা হওয়ায় অনেক শিক্ষক এখানে আসতে আগ্রহ দেখান না। তবে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় শিক্ষক পাওয়ার জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দিতে হবে। বিশেষ করে বালিকা বিদ্যালয়ে নারী শিক্ষক নিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। অন্যথায় দীর্ঘদিনের শিক্ষক সংকট শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক ব্যাহত শিক্ষা কার্যক্রম

‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

দুদক ‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বরখাস্ত

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App