‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
ফাইল ছবি
যৌন অপরাধে অভিযুক্ত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের কারাগারে মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান। তাঁর দাবি, পেছন থেকে দড়ি বা এ ধরনের কোনো বস্তু দিয়ে শ্বাসরোধ করে এপস্টেইনকে হত্যা করা হয়। পরে একই বস্তু দিয়ে তাঁর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল।
সোমবার (১৬ নভেম্বর) বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফরেনসিক বিশ্লেষণের ভিত্তিতে এ দাবি করেন ফ্রিম্যান।
২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় জেফরি এপস্টেইনকে। যৌন পাচারের মামলায় বিচার শুরুর অপেক্ষায় ছিলেন তিনি। সে সময় ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করে নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষকের কার্যালয়।
তবে এপস্টেইনের ভাই মার্কের কাছ থেকে পাওয়া ময়নাতদন্তের প্রতিবেদন ও ছবি বিশ্লেষণ করে ভিন্ন মত দিয়েছেন ফ্রিম্যান। সোমবার লন্ডনে নিজের অনুসন্ধানের ফলাফল প্রকাশ করেন তিনি। যদিও এ ফরেনসিক বিশেষজ্ঞ নিজে এপস্টেইনের মরদেহ পরীক্ষা করেননি।
ফ্রিম্যানের বিশ্লেষণে বলা হয়েছে, এপস্টেইনের বাম কাঁধে গভীর রক্তক্ষরণের পাশাপাশি মুখেও আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া তাঁর গলায় দড়ির দাগের ওপর নখের আঁচড়ের মতো কিছু চিহ্ন পাওয়া গেছে। ফ্রিম্যানের ধারণা, শ্বাসরোধের সময় গলা থেকে দড়ি সরানোর চেষ্টা করায় এসব চিহ্ন তৈরি হয়ে থাকতে পারে। তাঁর দাবি, এসব আলামত আত্মহত্যার ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে ফ্রিম্যানের এই বিশ্লেষণ এখনো অন্য কোনো স্বাধীন বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই করা হয়নি। অন্যদিকে, এপস্টেইনের ময়নাতদন্তকারী চিকিৎসক তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করেন। নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষকের কার্যালয়ও এ বিষয়ে আগের সিদ্ধান্তে অটল রয়েছে।
এপস্টেইনের মৃত্যুর পর থেকেই কারাগারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিশেষ করে নজরদারি ক্যামেরার ফুটেজে তিন মিনিটের ব্যবধান এবং তাঁর কক্ষের বাইরের দুটি ক্যামেরা অকার্যকর থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। ফ্রিম্যানের নতুন বিশ্লেষণকে কেন্দ্র করে এপস্টেইনের মৃত্যুর রহস্য ও পুরোনো বিতর্ক আবারও আলোচনায় এসেছে।
