×

রাজনীতি

পেটাও না কেন ওদের: সাদ্দামকে কাদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম

পেটাও না কেন ওদের: সাদ্দামকে কাদের

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। এ-সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনের শুনানিতে ওই কল রেকর্ড জমা দেওয়া হয়। পরে তা ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়।

রেকর্ড অনুযায়ী, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ওবায়দুল কাদেরকে জানান, তাদের সমাবেশ শেষ হয়েছে এবং আন্দোলনকারীদের কর্মসূচি চলছে। তিনি বলেন, সেখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে এবং তারা রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারে। এরপর দুই দিন জনসংযোগ চালিয়ে আলটিমেটাম দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সময় ওবায়দুল কাদের জানতে চান, ‘কে?’ জবাবে সাদ্দাম বলেন, আন্দোলনকারীরা। এরপর কাদের বলেন, ‘পেটাও না কেন? মারো না কেন ওদের? চড়াও হতে দেও কেন ওদের? সুযোগ দাও কেন? তোমরা বললে, আজকে থেকে হালকা হয়ে যাবে। কই হালকা হলো?’

জবাবে সাদ্দাম বলেন, সেদিন জামায়াতের উপস্থিতি বেশি ছিল। তখন কাদের বলেন, ‘তাহলে কী বললা তোমরা? বাস্তবে কী হচ্ছে? জামায়াত মানে? এখানে জামায়াত আর বিএনপি যোগ হইছে। এটার কিছু করার নেই?’

এর জবাবে সাদ্দাম বলেন, রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। তবে শাহবাগের দিকে যেতে তাদের নিষেধ করা হয়েছিল এবং আন্দোলনকারীদের মুখোমুখি না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

কাদের জানতে চান, কে এ নির্দেশ দিয়েছেন? উত্তরে সাদ্দাম বলেন, বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছিল। পুলিশ এবং বিপ্লব নামের একজনও যোগাযোগ করেছিলেন। তখন কাদের বলেন, ‘বিপ্লবের তো এটা বলার কথা না।’ জবাবে সাদ্দাম বলেন, পুলিশই তাদের মুখোমুখি হতে নিষেধ করেছিল।

শুনানি শেষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, ২০২৪ সালের ১১ জুলাইয়ের ওই ফোনালাপের রেকর্ড সিআইডির মাধ্যমে ফরেনসিক পরীক্ষা শেষে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে অধীনস্থ নেতাকে ‘পেটাও না কেন ওদের, মারো না কেন, বাড়তে দাও কেন’—এ ধরনের নির্দেশ দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় স্পষ্টভাবে উসকানিমূলক অপরাধ হিসেবে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

তনু হত্যা সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

২৫ বছর পর একসঙ্গে কারিনা-বানসালি

২৫ বছর পর একসঙ্গে কারিনা-বানসালি

দুধে ৬০ শতাংশ পানি, ৩ মণ দুধ ফেলে দিল জনতা

দুধে ৬০ শতাংশ পানি, ৩ মণ দুধ ফেলে দিল জনতা

ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা

ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App