মামুনুল হক
যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে গণভোট ও সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনটির আমীর আল্লামা মামুনুল হক। রোববার (৯ আগস্ট) বিকেলে সদরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একই সাধারণ নির্বাচনে ৫০ পার্সেন্ট ভোট পেয়ে একজন বৈধ প্রধানমন্ত্রী হলেন, অপরদিকে ৭০ পার্সেন্ট ভোট পেয়ে গণভোট অবৈধ হয় কীভাবে?”
আল্লামা মামুনুল হক বলেন, “একই মাতৃগর্ভ থেকে জমজ দুই সন্তানের একজন বৈধ, অন্যজন অবৈধ—এটা তো হতে পারে না। যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ।” তাঁর এ বক্তব্যকে ঘিরে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন সংগঠনের অভিভাবক পরিষদ সদস্য আল্লামা শাহ আকরাম আলী। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জেল হোসেন মিয়াজী।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন ছাত্র মজলিস ফরিদপুর পশ্চিমের সভাপতি মোঃ শামসুল হক, শ্রমিক মজলিস ফরিদপুরের সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান, যুব মজলিস ফরিদপুরের সভাপতি মুফতি মাহবুবুর রহমান, ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ফরিদপুরের সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, সহ-সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান, মাওলানা আবু বকর সিদ্দিক ও মাওলানা সুবহান মাহমুদ। এ ছাড়া বিভিন্ন উপজেলা ও থানা শাখার সভাপতিরাও বক্তব্য দেন।
সমাবেশে নাগরিক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীকে আগামীতে সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন আল্লামা মামুনুল হক।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উবাদা বিন নাসির। স্বাগত বক্তব্য দেন নাগরিক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। সমাবেশে সদরপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
