এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্যারিয়ার সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসর। সম্ভাবনাময় এই তিন খাতে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্যারিয়ার গড়তে উৎসাহিত করার লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (স্যাটি)। শনিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের অডিটোরিয়ামে এই সামিট অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই আয়োজনে ছিল এয়ার টিকিট বুকিং, ভিসা পরামর্শ, ট্যুর গাইডিং, পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি। এসব খাতে ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় দক্ষতা ও পেশাগত প্রস্তুতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এছাড়া সন্ধ্যায় এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে দক্ষ জনবল তৈরি, নিয়োগদাতাদের চাহিদা এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনার আয়োজন করা হয়। সামিটে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী।
সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে আয়োজিত এই সামিটে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও পর্যটন খাতের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।
তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত ছিলেন বাংলাদেশ এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্টস এসোসিয়েশন (বাটজা)
