×

রাজশাহী

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ছবি: সংগৃহীত

রাজশাহীতে একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মাহবুব আলম নামের এক পুলিশ কর্মকর্তাকে এক নারীর সঙ্গে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নগরীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাহবুবের স্ত্রী পরিচয় দেওয়া আন্নি আক্তার প্রায় দুই ঘণ্টা দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশও দরজা খোলার জন্য ভেতরে থাকা মাহবুবকে অনুরোধ করে। তবে দরজা না খোলায় পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

পরে মাহবুব আলম ও ওই নারীকে চন্দ্রিমা থানায় নেওয়া হয়। তবে আন্নি আক্তার কোনো অভিযোগ না করায় দুপুরের দিকে মাহবুবকে ছেড়ে দেওয়া হয়।

মাহবুব আলম ২০২৪ সালে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন।

নওগাঁ জেলা পুলিশে থাকাকালে মাহবুবের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। তবে প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোনো ছুটি বা অনুমতি না নিয়েই তিনি রাজশাহীতে গিয়েছিলেন বলে জানিয়েছেন কেন্দ্রটির কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ।

নাদের হাজির মোড়ের যে ফ্ল্যাট থেকে মাহবুব ও ওই নারীকে আটক করা হয়, সেটি তার কথিত পালিত মেয়ের নামে ভাড়া নেওয়া। সেখানে ওই মেয়ে ও তার স্বামী থাকেন বলে জানা গেছে। তবে বৃহস্পতিবার রাত থেকে ওই ফ্ল্যাটে মাহবুব ও ওই নারী অবস্থান করছিলেন।

আটক ওই নারী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে মাহবুব দাবি করেন, তিনি ওই নারীকে বিয়ে করেছেন এবং তিনি তার স্ত্রী। এ দাবির সমর্থনে কোনো কাবিননামা তিনি দেখাতে পারেননি।

অন্যদিকে ফ্ল্যাটের বাইরে অবস্থান নেওয়া আন্নি আক্তার নিজেকে মাহবুবের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেন। মাহবুবের দাবি, ঘটনার চার দিন আগে তিনি আন্নিকে তালাক দিয়েছেন। এ-সংক্রান্ত একটি কাগজ পুলিশের কাছে জমা দেওয়ার কথাও জানান তিনি।

তবে আন্নি বলেন, তিনি কোনো তালাকের কাগজ হাতে পাননি।

নওগাঁর বাসিন্দা আন্নি আক্তার একজন নারী উদ্যোক্তা ও কনটেন্ট নির্মাতা। তার ভাষ্য, চলতি বছরের শুরুতে মাহবুব তাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন, মাহবুব যে জেলায় দায়িত্ব পালন করেন, সেখানেই বিয়ে করার পাশাপাশি একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: ভারতের সেফ হোম থেকে দেশে ফিরলেন ১৮ নারী ও শিশু

আন্নি বলেন, রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় মাহবুবের নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে। এর আগেও সেখানে তিনি মাহবুবের সঙ্গে ওই নারীকে দুই দিন অবস্থান করতে দেখেছেন বলে দাবি করেন। তবে সামাজিক ও পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে তখন বিষয়টি প্রকাশ করেননি।

তার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে তিনি জানতে পারেন মাহবুব তার কথিত পালিত মেয়ের ভাড়া নেওয়া ফ্ল্যাটে গেছেন এবং সেখানে ওই নারীও রয়েছেন। খবর পেয়ে শুক্রবার সকাল ৭টার দিকে তিনি ওই ফ্ল্যাটে যান। দরজায় দীর্ঘ সময় কড়া নাড়ার পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

আন্নির দাবি, পুলিশ ঘটনাস্থলে এসে ভেতরে মাহবুব রয়েছেন জানতে পারলেও দরজা ভাঙেনি। পরে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

তিনি আরও বলেন, দুই ঘণ্টারও বেশি সময় ধরে মাহবুব ও ওই নারী ভেতর থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে ছিলেন। পুলিশ ফোন করে দরজা খুলতে বললেও মাহবুব দরজা খোলেননি। পরে দরজা খোলার পর তিনি ওই নারীকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেন।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম ছুটিতে থাকায় থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, আন্নি আক্তার কোনো অভিযোগ না করায় এবং কারও আপত্তি না থাকায় মাহবুব আলমকে আটক রাখা হয়নি।

তিনি জানান, মাহবুব চার দিন আগে আন্নিকে তালাক দেওয়ার একটি কাগজ পুলিশের কাছে দিয়েছেন।

অন্যদিকে আন্নি দাবি করেছেন, তিনি তালাকের কোনো কাগজ পাননি।

সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ বলেন, মাহবুব আলমের রাজশিয়ায় যাওয়ার বিষয়ে তিনি অবগত ছিলেন না। তার কোনো ছুটিও নেই। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা অপরাধ বলেও উল্লেখ করেন তিনি।

মোস্তাক আহমেদ বলেন, মাহবুব আলম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকলেও তার মূল কর্মস্থল নওগাঁ জেলা পুলিশ। ঘটনাটি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি তারা তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App