বাড়ি থেকে বের হয়ে কিশোর নিখোঁজ, থানায় জিডি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে বাড়ি থেকে বের হয়ে মো. হোসাইন প্রামানিক (১৩) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শনিবার নিখোঁজ কিশোরের বাবা মো. রিয়াজ প্রাং বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ কিশোর হোসাইন প্রামানিক উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকার বাসিন্দা এবং সাহাপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র।
পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে হোসাইন মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় জিডি করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে এবং তার সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে কোনো তথ্য পেলে থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
