×

রংপুর

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

Icon

এস আই সবুজপাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ি ও মহিমপাড়া এলাকার সংযোগ সেতু এবং এর সংযোগ সড়ক প্রতিবছরই বর্ষা মৌসুমে ভেঙে পড়ছে। স্থায়ী সমাধানের উদ্যোগ না থাকায় বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে মহিমপাড়া গ্রামের হাজারো বাসিন্দাকে।

সরেজমিনে দেখা যায়, সেতুর এক প্রান্তের সংযোগ সড়কের বড় একটি অংশ ধসে গেছে। এতে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। পথচারীরাও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

জানা গেছে, গত বছর আকস্মিক বন্যায় সেতুর একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে উপজেলা ত্রাণ তহবিল থেকে ৪ লাখ টাকা বরাদ্দ দিয়ে কাঠের মাধ্যমে জরুরি ভিত্তিতে মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছিল। তবে চলতি বর্ষা মৌসুম শুরু হতেই সেতুটি আবারও ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রতি বছর বর্ষাকালে পানির তীব্র স্রোত ও ভাঙনের কারণে একই স্থানে বারবার ক্ষতি হয়। সাময়িকভাবে মাটি ফেলে বা অস্থায়ীভাবে সংস্কার করা হলেও অল্প সময়ের মধ্যেই তা আবার ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী সংস্কারের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। কৃষিপণ্য বাজারে নিতে বিকল্প পথে ঘুরে যেতে হওয়ায় সময় ও পরিবহন ব্যয়- দুটিই বেড়ে যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, প্রতিবছর একই স্থানে অস্থায়ী সংস্কারে সরকারি অর্থ ব্যয় না করে সংযোগ সড়কটি টেকসইভাবে নির্মাণ করা হোক। একই সঙ্গে নদী বা খালের তীর সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হলে দীর্ঘমেয়াদে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের মতে, স্থায়ী সংস্কার না হলে এই গুরুত্বপূর্ণ সড়কে মানুষের দুর্ভোগের অবসান হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App