সেতুর দাবিতে তেঁতুলিয়ার ভেরসা নদীর পাড়ে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বৈরাগীগজ গ্রামের ভেরসা নদীর বিট পাড়া ঘাটে একটি সেতুর অভাবে এই এলাকার ৫ গ্রামের প্রায় ১৫ হাজার কৃষক সঠিক ভাবে কৃষিকাজ এবং পশু পালন করতে পারছেনা।
শুক্রবার দুপুরে এই ঘাটে একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাববন্ধনে ডিমাগজ, ডাক্তারপাড়া,বৈরাগীগজ, চান্দিয়াগজ, পুহাতুগজ গ্রামের সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করে।
বক্তারা এসময় বলেন, বিট পাড়া ঘাট দিয়ে ভেরসা নদী পার হয়ে ৫ গ্রামের হাজার হাজার কৃষক নদীর ওপারে কৃষি কাজ করেন। কয়েক হাজার হেক্টর জমিতে ধান, পাট. ভ’ট্টা,গম এবং শাকসবজীর আবাদ হয়। অনেকে গৃহপালিত গরু ছাগলের জন্য ঘাসের আবাদ করেন। গরু ছাগল এই জমিগুলোতে চড়ান। কিন্তু সেতু না থাকার কারণে উৎপাদিত ফসল, বীজ, সার আনা নেয়াতে ভয়ানক অসুবিধা হয়। নদীর গভীরতা অনেক বেশী হওয়ার কারণে জমি চাষাবাদের জন্য ট্রাক্টর যেতে চায়না। ফলে অনেক জমি আবাদহীন ভাবে পড়ে থাকে।
আরও পড়ুন: পে স্কেলের গেজেট আটকে কোথায়, কর্মকর্তারা জানালেন কারণ
অন্যদিকে বর্ষাকালে নদী পাড়াপাড় প্রায় অসম্ভব হয়ে ওঠে। ফলে স্থানীয় কৃষকের কৃষিজ উৎপাদন কমে যাচ্ছে। তাই অতি দ্রুত একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানান তারা।
এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মসলিম উদ্দিন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরকার হায়দার, ইউপি সদস্য শামসুল হক সরকার, সাবেক ইউপি সদস্য জশিমউদ্দিন,জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ফজলে করিম, স্বেচ্ছাসেবক দল নেতা হারু রশিদ, স্থানীয় কৃষক ফেরদৌস আহমেদ, দমিজ উদ্দিন, আল আমীন প্রমুখ।
