পঞ্চগড়
৫ দিন ধরে নিখোঁজ সহপাঠীর সন্ধান দাবি
এন এ রবিউল হাসান লিটন, বোদা (পঞ্চগড়)
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: ভোরের কাগজ
পঞ্চগড়ে বোদায় ৫ দিন ধরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়ামের নিখোঁজের ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধের কর্মসূচী পালন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ডে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে প্রায় ২ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল, বোদা পৌরসভা বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম, সিয়ামের বাবা শল্লু ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র সিয়াম গত ১২ তারিখ সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকে ৫দিন পেরিয়ে গেছে, কিন্তু তার সন্ধান পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘোরার পরও দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে না পড়ায় তারা হতাশ। প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করে, সাধারন মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা আসলে কে দেবে, এমন প্রশ্ন রাখেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে সিয়ামের সন্ধানে সন্তোষজনক পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে সিয়ামের শিক্ষক-সহপাঠী, এলাকাবাসী ও সাধারন মানুষ সহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন। এসময় মহাসড়কের আগুন জ্বালিয়ে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিলে দু'পাশে কয়েকশ যানবাহন আটকে থাকায় প্রায় ২ঘন্টা যানজটের সৃষ্টি হয়।
পরে বোদা থানার ওসি (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল, বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় ও বোদা সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুবেলের এর আশ্বাস ও অনুরোধে অবরোধ তুলে নেন বিক্ষোভ কারিরা।
