×

খেলা

কে জিতবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১১:১০ এএম

কে জিতবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাইল ছবি

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের উন্মাদনাটা সব সময়ই একটু বেশি। অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর (রবিবার) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এবারের অষ্টম আসরে ব্যাটে-বলে কোন ক্রিকেটার গর্জে উঠবে, তা নিয়ে জল্পনা-কল্পনায় ডুবে আছেন ভক্তরা। কোন দেশ এবার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলবে, এ বিষয় নিয়ে তুমুল আলোচনা ও বাগবিতণ্ডা চলছে। সেই সঙ্গে পছন্দের দল নিয়ে নানা হিসাব-নিকাশের পাশাপাশি ঘাঁটা হচ্ছে রেকর্ড বই। এক কথায় বলা যায়, বিশ্বকাপ জ্বরে ভুগছেন ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি ক্রিকেটে শক্তির বিচার খাটে না, ফেবারিট তকমাও যায় না। দিনটা যার, ফল যায় তার পক্ষে। পুরোপুরি আনপ্রেডিক্টেবল, মানে পূর্বানুমান করা সবচেয়ে দুরূহ কাজ।

এবার অস্ট্রেলিয়া বিশ্বকাপে বেশ কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ক্রিকেট মোড়ল আইসিসি। এই প্রথম আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় আইসিসি নতুন সাতটি নিয়ম প্রবর্তন করছে। এবারের আসরটি হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম । এর আগে ৭টি আসরের মধ্যে ২০০৭ সালে ভারত, ২০০৯ সালে পাকিস্তান, ২০১০ সালে ইংল্যান্ড, ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০১৪ সালে শ্রীলঙ্কা ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে ক্যারিবিয়ানরা। ২০২১ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া।

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসর বসেছিল ২০২১ সালে। এবার প্রথমপর্বের দুই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং রানারআপ মিলে মোট চারটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। প্রথমপর্বে গ্রুপ ‘এ’তে রয়েছে শ্রীলঙ্কা, নামিবিয়া, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে।

বাছাইপর্বের ৮টি দল ছাড়াও সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আরো আটটি দল। মোট ১৬ দল লড়বে এক ট্রফির জন্য। সুুপার টুয়েলভে গ্রুপ-১ তে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ। গ্রুপ-২ এ রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপ রানার্সআপ

১৬ অক্টোবর বিশ্বকাপের পর্দা উঠলেও এ আসরের মূলপর্ব বা সুপার টুয়েলভ শুরু হবে ২২ অক্টোবরে। ৬ নভেম্বর শেষ হবে সুপার টুয়েলভের লড়াই। এখান থেকে দুই গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ৯ ও ১০ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমি হবে সিডনিতে, দ্বিতীয়টি হবে অ্যাডিলেডে। ১৩ নভেম্বর মেলবোর্নে হবে ফাইনাল। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ফাইনাল খেলবে।

বিশ্বকাপ শুরুর আগেই প্রশ্ন উঠছে অষ্টম আসরের শিরোপা জিতবে কে? আগেই শিরোপা জয় করা কোনো দেশই কি নেবে বিশ্বকাপ? নাকি এবার বিশ্বকাপের শিরোপা জিতবে নতুন কোনো দেশ। এ আলোচনাই চলছে এখন সর্বত্র। বাংলাদেশের সমর্থকরা এবার স্বপ্ন দেখছেন লাল-সবুজের প্রতিনিধিরা সেমিফাইনালে খেলবে। এবার যাদের নিয়ে বাংলাদেশ স্কোয়াড সাজিয়েছে, তাদের নিয়ে আশা করাই যায়। পরিসংখ্যান বলছে নির্দিষ্ট কয়েকটি দেশ শিরোপার জন্য ফেবারিট। সে দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রতিটি দেশই শিরোপা জয়ের মতো দল গড়েছে। কিন্তু এ ছয়টি দেশ অন্যদের চেয়ে এগিয়ে আছে।

ভারত তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড সাজিয়েছে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে। যারা তরুণ আছে, তারা আবার আইপিএলে খেলে থাকেন। ভারতের প্রত্যেকটি ব্যাটসম্যান টি-টোয়েন্টি স্পেশালিস্ট। ভারত আইসিসির নির্দিষ্ট ওভারের সর্বশেষ দুটি ইভেন্টের সেমিফাইনালে খেলেছে। তারা নিজ ঘরের মাঠে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। এরপর ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের সেমিতে খেলেছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা অনেকটাই এগিয়ে আছে। অন্যদিকে অনেকে পাকিস্তানকে অন্যতম ফেবারিট হিসেবে দেখছে।

এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের সম্ভাবনা আছে ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ২০১৯ সালে শক্তিশালী এক দল নিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনাল জেতে ইংল্যান্ড। তারা ফাইনালে নিউজিল্যান্ডকে হারায়। বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ড আরো শক্তিশালী হয়েছে। অন্য দেশগুলোকে নিয়মিত হারিয়েছে তারা।

এরপর আছে নিউজিল্যান্ড। কিউইরা ২০২১ সালের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে। নিউজিল্যান্ড এখন যে কোনো দেশের জন্য হুমকি। বিশ্বকাপ জয়ের অন্যতম হট ফেবারিট হলো ওয়েস্ট ইন্ডি ও শ্রীলঙ্কা। বছরব্যাপী ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো না খেললেও বিশ্বকাপে এলে তারা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। ওয়েস্ট ইন্ডিজই বিশ্বে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করেছে। ২০১৪ ও ২০১৬ সালের মতো এবার বাছাইপর্ব খেলে সুপার টুয়েলভে যেতে হবে ক্যারিবিয়ানদের। রাউন্ড অব সিক্সটিন বা বাছাই পর্বে শ্রীলঙ্কার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলকেও খেলতে হচ্ছে। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতেই টেস্ট খেলুড়ে দেশ দুটিকে দুই গ্রুপের প্রধান করে সূচি সাজিয়েছে আইসিসি।

টানা সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করে ফেলেছে বাংলাদেশ। সে অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় যদিও। ২০০৭ সালের টি- টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর বাদ দিলে গর্ব করার মতো তেমন কোনো পারফরম্যান্স নেই টাইগারদের। বরং ২০০৯ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির দুই সহযোগী দেশ আয়ারল্যান্ড (তৎকালীন) ও হংকংয়ের বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বে ধর্মশালায় ওমানও দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দিয়েছিল। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নিয়েছিল অভিজ্ঞতা কাজে লাগিয়ে। এই বিশ্বকাপেও অভিজ্ঞতাই শক্তি টাইগারদের।

এবারের বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। অন্য দিকে ভারতকে দীর্ঘ সময় ধরে সব ধরনের ক্রিকেটে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। অন্য দিকে বাবর আজমের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। আর আফগানিস্তান এবার বিশ্বকাপে খেলবে মোহাম্মদ নবীর নেতৃত্বে। শ্রীলঙ্কা এবার তরুণদের প্রাধান্য দিয়ে দল গঠন করেছে। আর এ দলের দায়িত্ব পেয়েছেন দাসুন শানাকা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ভালো কিছু করলেও করতে পারে দাসুনের নেতৃত্বে।

এবারের বিশ্বকাপে অন্যতম হট ফেবারিট হলো নিউজিল্যান্ড। আর দেশটির নেতৃত্বে আছেন কেইন উইলিয়ামসন। তার নেতৃত্বে ২০১৯ বিশ্বকাপের ফাইনাল ও ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে কিউইরা। গত বছর দুবাইয়ে টি-টোয়েন্টির ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেছে শিরোপার জন্যে। এবার অধরা শিরোপা জিততে মরিয়া কিউইরা।

ভারত ও নিউজিল্যান্ডের পর শিরোপার দাবিদার ধরা হচ্ছে ইংল্যান্ডকে। এবার ইংলিশদের নেতৃত্বে থাকছেন জস বাটলার। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তেম্বা ভাবুমা। তবে দক্ষিণ আফ্রিকা এবার তার নেতৃত্বে ভালো কিছু করবে এমন প্রত্যাশা সবার। ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে থাকছেন নিকোলাস পুরান। ১৩ নভেম্বর মেলবোর্নে কার হাতে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম শিরোপা তা নিয়ে এ মুহূর্তে সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। সবাই প্রিয় দলের অধিনায়কের হাতে শিরোপা দেখতে আগ্রহী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

নাহিদ ইসলাম এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App