×

ফুটবল

আর কত দিন খেলবেন নেইমার? উত্তর দিলেন নিজেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

আর কত দিন খেলবেন নেইমার? উত্তর দিলেন নিজেই

ফাইল ছবি

একসময় পায়ের জাদুতে প্রতিপক্ষের রক্ষণভাগকে নাচিয়েছেন। কিন্তু ক্যারিয়ারের বড় একটা সময় চোটের সঙ্গে লড়াই করেই কাটাতে হয়েছে নেইমারকে। একের পর এক অস্ত্রোপচার আর দীর্ঘ পুনর্বাসনে মাঠের বাইরে থেকেছেন ব্রাজিলিয়ান মহাতারকা।

এবার নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে সেই কষ্টের কথাই মনে করিয়ে দিলেন তিনি। অবসর প্রসঙ্গে রসিকতার ছলে জানিয়েছেন, তার হাঁটুর অবস্থা বুঝতে পারলে হয়তো আর কেউ দীর্ঘদিন খেলে যাওয়ার কথা বলতেন না।

সোমবার (৯ নভেম্বর) ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের গুয়ারুলহোসে কিংস কাপ ব্রাজিলের একটি আয়োজনে অংশ নেন নেইমার। সাতজনের ফুটবলের এই প্রতিযোগিতায় ফুরিয়া দলের অন্যতম সভাপতি তিনি। সেখানে বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গেদেসের সঙ্গে আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সান্তোসের এই ফরোয়ার্ড।

ফুরিয়া ও দিব্রাদোসের ম্যাচ চলাকালে নেইমার জানান, ভবিষ্যতে কিংস লিগে খেলার ইচ্ছা রয়েছে তার। মজার ছলে ২০৩০ সালে এই প্রতিযোগিতায় মাঠে নামার কথাও বলেন তিনি। নেইমার বলেন, ‘একদিন কিংস লিগে খেলতে চাই। আমার জন্য একটু জায়গা হবে তো? আমি তো দলের সভাপতি। ২০৩০ সালে খেলব।’

তখন গেদেস জানতে চান, তার মানে কি ২০৩০ সালেই পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন নেইমার? আরও মাত্র চার বছর খেলতে চান তিনি? চাইলে আরও পাঁচ-ছয় বছর খেলতে পারবেন বলেও মন্তব্য করেন নেইমারের বন্ধু। জবাবে হাসতে হাসতে নেইমার বলেন, ‘অনেক হয়েছে। আমার হাঁটুর অবস্থা আপনার হলে বুঝতেন।’

যদিও পুরো কথোপকথনটি ছিল হাসিঠাট্টার ছলে। নেইমার আনুষ্ঠানিকভাবে অবসরের কোনো ঘোষণা দেননি। বরং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কিংস লিগে খেলার সম্ভাবনাকে বেশ কঠিন বলেই উল্লেখ করেছেন তিনি।

ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘এখানে খেলব? জানি না। আমার মনে হয়, এটা বেশ কঠিন। সান্তোসে আমি খুব খুশি। আমার খেলার জায়গা সেখানেই। ১৮ তারিখ আমরা আবার ফিরব সান্তোসকে সাহায্য করতে।’

এদিন কিংস লিগের বিশেষ নিয়ম অনুযায়ী দলের সভাপতি হিসেবে একটি পেনাল্টিও নেন নেইমার। তবে বাঁ পায়ে নেওয়া তার শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক লুয়ান তেলেস। যদিও শেষ পর্যন্ত দিব্রাদোসকে ৭-৩ গোলে হারায় নেইমারের ফুরিয়া। ৩৪ বছর বয়সী নেইমারের ক্যারিয়ারে চোট নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে মেরুদণ্ডে আঘাত পেয়ে ছিটকে গিয়েছিলেন আসর থেকে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও চোটের কারণে ভুগতে হয়েছে তাকে।

তবে সবচেয়ে বড় ধাক্কা আসে ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাসে গুরুতর চোট পান তিনি। এরপর অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসনের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়। গত বছরের ২২ ডিসেম্বর আবারও বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করান নেইমার। এবার মেনিসকাসের সমস্যা দূর করতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করতে হয়েছিল তাকে।

চোট কাটিয়ে মাঠে ফিরলেও নিয়মিত খেলতে পারছেন না ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। গত ৮ অক্টোবর সান্তোসের হয়ে ফ্লামেঙ্গোর বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে দুটি পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। তবে শারীরিক সমস্যা এখনও তার পিছু ছাড়েনি।

এদিকে আগামী ১৮ নভেম্বর ব্রাজিলিয়ান লিগে করিতিবার বিপক্ষে সান্তোসের ম্যাচে মাঠে ফেরার কথা রয়েছে নেইমারের। গত ৫ নভেম্বর ব্রাজিলের ক্রীড়া আদালত তার নিষেধাজ্ঞা কমিয়ে দেওয়ায় সেই ম্যাচে খেলার বাধাও কেটে গেছে। তাই ২০৩০ সালের কথাটি রসিকতা হলেও নেইমারের হাঁটু নিয়ে আক্ষেপ যেন নতুন করে মনে করিয়ে দিল তাঁর দীর্ঘ চোটের ইতিহাস। পেশাদার ফুটবলে আর কত দিন দেখা যাবে তাঁকে, সেই প্রশ্নের নিশ্চিত উত্তর অবশ্য এখনও মেলেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

হাসিনার ডিসেম্বর প্রত্যাবর্তন: সত্যিই নাকি স্টান্টবাজি?

হাসিনার ডিসেম্বর প্রত্যাবর্তন: সত্যিই নাকি স্টান্টবাজি?

জলবায়ু সম্মেলনে তারেক রহমান

জলবায়ু সম্মেলনে তারেক রহমান

আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ইরান

আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App