×

আইন-বিচার

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিংয়ের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিংয়ের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট। অনুসন্ধান চলাকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুদকের বক্তব্য আইনগত কর্তৃত্ববহির্ভূত কি না, তা জানতে চেয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত জানতে চেয়েছেন, অনুসন্ধান শুরুর পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদকের দেওয়া বক্তব্যসংবলিত প্রেস ব্রিফিং কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও ব্যারিস্টার ইউসুফ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। পরে আদালতের অবকাশ শেষে পুনরায় শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।

রিটের বিবরণ অনুযায়ী, গত ২ ও ১৩ সেপ্টেম্বর আসিফ মাহমুদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান নিয়ে পৃথক দুটি প্রেস ব্রিফিং করে দুদক। এসব ব্রিফিংয়ে তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছিল।

আসিফ মাহমুদের রিটে বলা হয়, অনুসন্ধান চলাকালে এ ধরনের বক্তব্য দেওয়া সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত ব্যক্তির মর্যাদা ও সুনামের অধিকারের পরিপন্থী। পাশাপাশি দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালারও লঙ্ঘন হয়েছে। এ কারণে প্রেস ব্রিফিং দুটির বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

গত ২ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেওয়াসহ কয়েকটি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল দুদক। তবে পরে সংস্থাটির এক কর্মকর্তা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেন।

অন্যদিকে, ১৩ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও ৩৬ জন জেলা প্রশাসক নিয়োগ, এলজিইডির প্রধান প্রকৌশলী নিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র থেকে শত কোটি টাকা কমিশন নেওয়ার অভিযোগ তুলে ধরে দুদক। এ ছাড়া বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের কথাও জানানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

হাসিনার ডিসেম্বর প্রত্যাবর্তন: সত্যিই নাকি স্টান্টবাজি?

হাসিনার ডিসেম্বর প্রত্যাবর্তন: সত্যিই নাকি স্টান্টবাজি?

জলবায়ু সম্মেলনে তারেক রহমান

জলবায়ু সম্মেলনে তারেক রহমান

আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ইরান

আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App