হবিগঞ্জে দু’গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, তেতৈয়া গ্রামের এক প্রবাসী যুবক ফেসবুকে ধুলিয়াখালের এক যুবককে ইঙ্গিত করে একটি পোস্ট দেন। ওই পোস্টের পাল্টা মন্তব্য (কমেন্ট) নিয়ে দুই গ্রামের যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মসজিদে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। সংঘর্ষের কারণে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
পরে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে স্থানীয় আরেকটি সূত্রের দাবি, চলমান ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ নিয়ে দুই যুবকের বাগ্বিতণ্ডার জের ধরেও এই সংঘর্ষের সূত্রপাত হয়ে থাকতে পারে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সী বলেন, ‘ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’
