স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি : ভোরের কাগজ
আগামী দিনে ধাপে ধাপে ও পর্যায়ক্রমে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে স্বাস্থ্য খাত।
শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলার লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চা-শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্যসেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত পাঁচ মাসে সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সিলেটের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ইতোমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ২৫০ শয্যার হাসপাতাল চালুর বিষয়টি অনুমোদিত হয়েছে এবং বর্তমানে তা প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই চা-বাগান এলাকাগুলোতেও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যাতে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসার জন্য আর শহরে ছুটতে না হয়।
যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং দেশের জ্বালানি তেলের দাম প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বঘোষিত শুল্কনীতির ১৫০ দিনের মেয়াদ শেষ হওয়ায় নতুন নামে একই শুল্ক পুনর্বহাল করা হয়েছে। এটি মূলত পুরোনো শুল্কেরই একটি প্রতিস্থাপন; নতুন কোনো অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়নি। ফলে বাস্তবে শুল্ক পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসছে না।
আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা সত্ত্বেও সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করছে জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল আল মামুনের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান।
দিনব্যাপী এই চিকিৎসাসেবা ক্যাম্পে সিলেটের বিভিন্ন চা-বাগানের বিপুলসংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, মা ও শিশুস্বাস্থ্য পরামর্শ, চোখের চিকিৎসা এবং পরিবার পরিকল্পনাবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন।
