কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় দুঃসংবাদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম
ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি নিম্নমানের ও বিভ্রান্তিকর ভিডিওর বিস্তার ঠেকাতে নতুন নীতিমালা চালু করেছে ইউটিউব। পরিবর্তিত এই নীতির আওতায় নির্দিষ্ট ধরনের এআই-নির্ভর ভিডিও আর ইউটিউব পার্টনার প্রোগ্রাম (ওয়াইপিপি) থেকে আয় করার সুযোগ পাবে না।
ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মে পুনরাবৃত্তিমূলক, অপ্রামাণ্য এবং নিম্নমানের কনটেন্টের সংখ্যা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মৌলিক, তথ্যসমৃদ্ধ ও সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন নীতিমালা অনুযায়ী, তিন ধরনের এআই-নির্ভর ভিডিওকে ‘ইন-অথেনটিক’ বা অপ্রামাণ্য কনটেন্ট হিসেবে বিবেচনা করা হবে। এর মধ্যে রয়েছে একই ধাঁচে বারবার তৈরি করা ভিডিও, দর্শকদের বিভ্রান্ত করা বা আবেগকে অপব্যবহার করার উদ্দেশে নির্মিত কনটেন্ট এবং স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি বা আইনি পরামর্শের মতো স্পর্শকাতর বিষয়ে কৃত্রিম মানবসদৃশ এআই অবতার ব্যবহার করে তৈরি ভিডিও।
আরো পড়ুন : হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা
ইউটিউবের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এআই টুলের মাধ্যমে খুব অল্প সময়ে বিপুল পরিমাণ নিম্নমানের ভিডিও তৈরি হচ্ছে। এতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের আস্থাও কমছে। তাই প্ল্যাটফর্মের মান বজায় রাখতে এখন থেকে সংবাদভিত্তিক, সৃজনশীল ও মৌলিক কনটেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
তবে এআই প্রযুক্তি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ইউটিউব জানিয়েছে, কনটেন্ট নির্মাতারা যদি প্ল্যাটফর্মের নীতিমালা অনুসরণ করে সৃজনশীল ও তথ্যভিত্তিক কাজে এআই ব্যবহার করেন, তাহলে সেই ভিডিও আগের মতোই মনিটাইজেশনের আওতায় থাকবে।
নতুন এ নীতির ফলে এআই ব্যবহারকারী কনটেন্ট নির্মাতাদের আরও সতর্ক হয়ে ভিডিও তৈরি করতে হবে। ভবিষ্যতে কনটেন্টের মৌলিকতা, তথ্যের নির্ভুলতা এবং মান বজায় রাখাই আয় ধরে রাখার অন্যতম শর্ত হবে।
