মুন্সীগঞ্জে ডাকাতি ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সংঘটিত ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল, একটি কাভার্ডভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন রাঙামাটি জেলার মুর্শিদাবাদ এলাকার মৃত কুদরত আলীর ছেলে আ. গনি মিয়া (২৮) এবং ঢাকার কদমতলী থানার মুরাদপুর হাজী লাল মিয়া রোড এলাকার রাজন বেপারীর ছেলে অভি রহমান (২৮)।
গত ৯ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট থেকে যশোর ডিপোর উদ্দেশ্যে রওনা হওয়া ৬৬৫ কার্টন (১১ হাজার ৯৭০ লিটার) সয়াবিন তেলবোঝাই একটি কাভার্ডভ্যান শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া ওভারব্রিজ এলাকায় ঢাকা-মাওয়া সার্ভিস রোডে পৌঁছালে একটি পিকআপে থাকা ৭ থেকে ৮ সদস্যের ডাকাতদল সেটির গতিরোধ করে কাভার্ডভ্যানের চালক মো. আকিব হাসান জয় ও তার সহকারী মো. নাহিদ হাসানকে জিম্মি করে নিজেদের পিকআপে তুলে নেয়। পরে তাদের হাত, মুখ ও চোখ বেঁধে কেয়টখালী এলাকায় ঢাকা-ভাঙ্গা রেললাইন ও ঢাকা-মাওয়া সার্ভিস রোডের মধ্যবর্তী স্থানে ফেলে রেখে সয়াবিন তেলবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী মো. আফছার উদ্দিন শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করলে শুক্রবার পেনাল মামলা করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, লুণ্ঠিত কাভার্ডভ্যান এবং ৯ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, লুণ্ঠিত অধিকাংশ তেল বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারে ভাড়া নেয়া একটি গোডাউনে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৫৮৫ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়। এছাড়া স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই ঘটনায় জড়িত ইমরান হোসেন (৩২) নামের এক ব্যক্তির বাড়ির নিচতলার গোডাউনে অভিযান চালিয়ে আরো ৫৮ কার্টন ৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
