হামে সাড়ে ৭শ ও ডেঙ্গুতে ২৪ প্রাণহানি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দৈনিক ওঠা নামার মধ্য দিয়ে হাম ও এই সংক্রামক রোগের উপসর্গে প্রাণহানির সংখ্যা পৌঁছে গেছে সাড়ে ৭শ’তে।
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও এ রোগের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে এই সময়ে কারোর মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪ জনের।
গতকাল শুক্রবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
হামের সার্বিক বিষয় নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন ঢাকা, ১ জন বরিশাল এবং অপরজন সিলেট বিভাগের। ওই সময়ে নতুন করে আরো ৯৪৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১২৮। ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৭৫০ জনে। এদের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৩ জন আর হামের উপসর্গ নিয়ে ৬৫৭ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন, সিলেটে ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৪২ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৯ জন এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৩২৬ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৮৩১ জন। আর হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৮৯ হাজার ২৩৪ জন।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি, তবে একই সময়ে ৬৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১০ জন, বরিশালে বিভাগে ২ জন রয়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৮১৫ জন। ৭ হাজার ১৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৪৯ জন চিকিৎসাধীন আছেন। আর চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ২৪ জনের। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী। গত জুন মাসে ডেঙ্গুতে প্রাণ গেছে সর্বোচ্চ ১৩ জনের।
