ডেঙ্গু ও হামে ৩ জন করে ৬ জনের মৃত্যু
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গত ২৪ ঘণ্টার (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ব্যবধানে হাম ও এই রোগের উপসর্গে মৃতের সংখ্যা বেড়েছে। এই সময়ে অতি সংক্রামক এই রোগে ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার হামের উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার ৩ জন আর রবিবার হামের উপসর্গে ৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে টানা ৬ দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু; আক্রান্ত ৯০২ : হামের সার্বিক বিষয় নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকার। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরো ৭৯৬ জন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৭৪৮ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষায় আরো ১০৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেয়া তথ্য অনুযায়ী, গত ১১৬ দিনে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৭৪৫ জনে। এদের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের আর হামের উপসর্গ নিয়ে ৬৫২ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন, সিলেটে ৮৬ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৪১ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৯ জন এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ৮ হাজার ১৮০। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। আর হাম শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭০ জনের। এ ছাড়া ১১৬ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।
ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু; হাসপাতালে ভর্তি ২৫১ জন
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে ২৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটির হাসপাতালে ২৪ ও দক্ষিণ সিটির ৩৩ জন, ঢাকা বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহে ১৫ জন, রাজশাহী ১২ জন, সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর পহেলা জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হসপাতালে ভর্তি হয়েছেন; তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৮৭৫ জন। আর রোগটিতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত জুন মাসে প্রাণ গেছে সর্বোচ্চ ১৩ জনের।
