×

শেষের পাতা

কারাগারে ৪ জন

দুই ‘সন্ত্রাসবাদী’ ফের ৩ দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সন্ত্রাসবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার দুই সদস্যকে ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া আরো ৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রিমান্ডে নেয়া দুই আসামি হলেন- শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। অপরদিকে কারাগারে পাঠানো ৪ জন হলেন- জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পাশাপাশি আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। গত রবিবার এ ৬ আসামিকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়। গতকাল ৩ দিনের রিমান্ড শেষে পুনরায় দুই আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক। এর আগে গত রবিবার এ তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আদালতে আসামি শাহ আমানত সাবির ও হোসাইন তানিমের আইনজীবী মো. সাদ্দাম হোসেন রিমান্ড নামঞ্জুর চেয়ে জামিন আবেদন করেন। অপর আসামিদের পক্ষের পৃথক আইনজীবীরাও জামিন আবেদন করেন।

আইনজীবী মো. সাদ্দাম হোসেন আদালতকে বলেন, এ আসামিরা শিক্ষার্থী। তাদের বয়স কম। ইতোমধ্যে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে কিন্তু তদন্ত কর্মকর্তা কিছু পাননি। জবাবে আদালত বলেন, এ মামলায় পুলিশের অ্যাপ্রোচ ভালো। তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়নি। শুধু সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ডে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে যদি কিছু না পাওয়া যায় তাহলে এমনিতেই খালাস পেয়ে যাবে। এরপর উপস্থিত আসামিদের উদ্দেশ্য করে বিচারক জিজ্ঞেস করেন, তাদের কি রিমান্ডে কোনো মারধর করা হয়েছে? তখন আসামি শাহ আমানত সাবির মাথা নেড়ে না বলেন। পরে বিচারক দুই আসামির রিমান্ড ও অপর চারজনকে তদন্ত শেষ হওয়া পর্যন্ত কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ড আবেদন অনুযায়ী, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান তদারকি ডিউটি করাকালে ভোর ৬টার দিকে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশে বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কতিপয় ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনায় ট্রেনিং করার জন্য সমবেত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ গত রবিবার সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে যায়। তাদের দেখে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামিরা ওই স্থানে কি কারণে সমবেত হয়েছিল তার কোনো সদুত্তর দিতে পারেনি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারে। এরপরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে ছয় আসামিকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত

উখিয়ায় স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

উখিয়ায় স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

মানবকেন্দ্রিক এআই ও নেতৃত্বে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ৫৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক এআই ও নেতৃত্বে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ৫৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন যারা

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App